Meta Trader — আব্রাহাম আকর্ডস বা আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার শর্ত সাপেক্ষেই কেবল সৌদি আরবের সাথে বেসামরিক পারমাণবিক চুক্তি অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই চুক্তির আওতায় সৌদি আরব কোনো পরমাণু উপাদান সমৃদ্ধ করতে পারবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন:
“বেসামরিক পারমাণবিক চুক্তিটি (তবে এতে কোনো পরমাণু উপাদান সমৃদ্ধ করার সুযোগ থাকবে না!) শুধুমাত্র অসামরিক ব্যবহারের ক্ষেত্রেই প্রযোজ্য—যা ইতিমধ্যে ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশের রয়েছে। এই চুক্তি তখনই অনুমোদিত হবে, যখন সৌদি আরব অত্যন্ত সম্মানিত ও সফল ‘আব্রাহাম আকর্ডস’-এ যোগ দেবে।”
তিনি আরও যোগ করেন, “যুক্তরাষ্ট্র অসামরিক (ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়া) পারমাণবিক স্থাপনার বিরোধী নয়।”
চুক্তির রূপরেখা ও বৈপরীত্য
যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব এমন একটি বেসামরিক পারমাণবিক চুক্তিতে পৌঁছায়, যার মাধ্যমে রিয়াদ মার্কিন প্রযুক্তি ব্যবহার করে পারমাণবিক চুল্লি নির্মাণ এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পাবে। এমনকি অতীতে ওয়াশিংটন ইরানের ক্ষেত্রে জাতিসংঘের যে আকস্মিক বা জরুরি পরিদর্শনের (snap UN inspections) দাবি জানিয়েছিল, রিয়াদের ক্ষেত্রে সে শর্তও রাখা হয়নি।
তবে ট্রাম্প তাঁর সাম্প্রতিক মন্তব্যে স্পেস্ট করেছেন যে, এই সুবিধার মূল শর্তই হলো ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন বা আব্রাহাম আকর্ডসে যোগ দেওয়া।
ফিলিস্তিন প্রশ্নে সৌদির অবস্থান
ট্রাম্পের এই শর্ত সৌদি আরবের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির সম্পূর্ণ বিপরীত। সৌদি আরব শুরু থেকেই স্পষ্ট জানিয়ে আসছে যে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুনির্দিষ্ট ও স্থায়ী রূপরেখা না হওয়া পর্যন্ত তারা আব্রাহাম আকর্ডসে স্বাক্ষর করবে না এবং ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না।